অনলাইন সংবাদমাধ্যম নিউজটাইম ডটনেট আকস্মিকভাবে বন্ধ ঘোষণার পর কর্মী ছাঁটাই এবং পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির সংবাদকর্মীরা।
বুধবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন নিউজটাইমের বার্তা প্রধান সঞ্জয় দে, বার্তা সম্পাদক মোতাহার হোসেন, সহকারী বার্তা সম্পাদক মেহরিন জাহান, জ্যেষ্ঠ প্রতিবেদক মাসুদ মোস্তাহিদ ও নিজস্ব প্রতিবেদক মেহনাজ মুন্নি।
এসময় নিউজটাইমের বার্তা প্রধান সঞ্জয় দে বলেন, রংধনু শিল্পগ্রুপের মালিকানাধীন এ অনলাইন সংবাদমাধ্যম গত সেপ্টেম্বরে কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়, যা শুধুমাত্র মৌখিকভাবে জানানো হয়। এ ঘোষণার পর সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধ করলেও কোনো লিখিত নোটিশ ছাড়াই কর্মীদের অফিসে যেতে নিষেধ করা হয়।
বার্তা সম্পাদক মোতাহার হোসেন বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর রংধনু গ্রুপের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক কাওসার আহমেদ অপু দেশের বাইরে চলে যান এবং কর্মীদের পাওনা পরিশোধের বিষয়ে কোনো ধরনের আলোচনা না করেই নিউজটাইম ডটনেটের কার্যক্রম বন্ধ করে দেন।
জ্যেষ্ঠ প্রতিবেদক মাসুদ মোস্তাহিদ বলেন, কর্মীরা মালিকপক্ষের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যে চেয়ারম্যান ও প্রকাশককে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও মালিকপক্ষ কোনো সাড়া দেননি। বরং তারা সাংবাদিকদের অধিকার নিয়ে আইনি পদক্ষেপের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বলেছেন, বাংলাদেশে সাংবাদিকদের অধিকার নিয়ে কোনো আইন প্রযোজ্য নয়।
মানববন্ধনে বক্তারা অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করছেন। পাশাপাশি সাংবাদিক সমাজকে নিউজটাইম ডটনেটের সংবাদকর্মীদের এ বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সংবাদকর্মীরা বেআইনিভাবে প্রতিষ্ঠান বন্ধ ও কর্মীদের ছাঁটাইয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে বলেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।
বায়ান্ন/এএস/একে